পাকিস্তানের চেয়েও বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী

Published: November 16, 2026, 11:26 am

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান মন্তব্য করেছেন যে, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে এ দেশের যে ক্ষতি করেছিল, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়েও বেশি ক্ষতি করেছে। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ‘অনলাইন এডিটরস ফোরাম’-এর সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে চরম লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিশেষ করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচারের ফলে বর্তমানে সাধারণ গ্রাহকরা ব্যাংকে নিজেদের টাকা পাচ্ছেন না। তিনি জানান, খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় ঠেকেছে। এর জন্য শিকদার ব্রাদার্স, এস আলম গ্রুপ, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়মকে দায়ী করেন তিনি। একইসঙ্গে বিদ্যুৎ খাতে ‘ওভারপ্রাইসিং’-এর মাধ্যমে রাষ্ট্রের বিশাল অংকের অর্থ লুটপাটের কথা উল্লেখ করেন মন্ত্রী।

বর্তমান সরকারের গণমাধ্যম নীতির প্রসঙ্গে আন্দালিভ রহমান দাবি করেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেন, অতীতে তিন বছর আগে সাংবাদিকরা যেভাবে আতঙ্কে থাকতেন, সেই পরিবেশ আর নেই। তিনি আরও যোগ করেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের একাধিক গণমাধ্যম রাখার সুযোগ সীমিত করার বিষয়ে আলোচনা চলছে। গ্রহণযোগ্যতা গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, তিন বছর আগে সংবাদ প্রকাশ বা স্ট্যাটাস লেখার আগে সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি আর রাখেনি। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কার্যক্রমের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দলটির রাজনীতিই ছিল প্রতিশোধপরায়ণতা। তারা ১৯৭৫ সালের ঘটনাকে পুঁজি করে দীর্ঘ সময় প্রতিশোধের রাজনীতি চালিয়েছে। বর্তমানে গোপালগঞ্জ ছাড়া সারা দেশে তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। ডিসেম্বরে দলটির সভানেত্রীর ফেরার প্রচারণাকে তিনি ‘রাজনৈতিক ব্লাফ’ বা ধাপ্পাবাজি হিসেবে অভিহিত করেন। তার মতে, নেতাকর্মীদের বিভ্রান্ত করতেই এসব বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের এ ধরনের কার্যক্রম দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেন, এ ধরনের অপতৎপরতা চালিয়ে তারা খুব একটা ফায়দা পাবে বলে মনে হয় না।

মন্ত্রী আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই। ফ্যাসিস্ট শক্তি যেন কোনোভাবেই ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের জীবন আবারও বিপন্ন হবে বলে তিনি সতর্ক করেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত কঠিন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশ ভূমিকা রেখেছিল। কিন্তু এত নিয়ন্ত্রণ ও দমনপীড়ন চালিয়েও তারা শেষ পর্যন্ত ক্ষমতায় টিকতে পারেনি। বিগত সময়ে যারা গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিচারের বিষয়টি সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিগত সময়ে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিচার সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্য সচিব ইফতেখার মাহমুদসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দেশের স্বার্থে অতীতের লুটপাটের প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।