দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণ অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত পাঁচ বছরের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, এই খাতে খেলাপি ঋণের পরিমাণ ক্রমাগত বাড়ছে। ত্রৈমাসিক হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তফসিলি ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায়। এটি উক্ত সময় পর্যন্ত বিতরণ করা মোট ঋণের ৩২.১৭ শতাংশ, যেখানে মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। গত ৫ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায় যে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বৃদ্ধি পাচ্ছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। তিনি সংসদে জানান, বিগত কয়েক বছরে দেশের ব্যাংকিং খাতের এই ক্রমাগত অবক্ষয় জাতীয় অর্থনীতির জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংসদে দেওয়া হিসেব অনুযায়ী, ২০২২ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা তখনকার মোট ঋণের ৭.৬৪ শতাংশ ছিল। ২০২৩ সালে এই হার বেড়ে দাঁড়ায় ৮.৩৯ শতাংশে। ২০২৪ সালে ব্যাংক খাতে মোট ঋণ বিতরণ করা হয় ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা, যার মধ্যে খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা বা ১৭.৮৩ শতাংশ। এর পর ২০২৫ সালে বিতরণ করা ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকার ঋণের মধ্যে ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকাই খেলাপি হয়ে পড়ে, যা শতাংশের হিসাবে ছিল ২৯.৯২।
ব্যাংক খাতের জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে তৈরি আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে এবং বিদেশে পাচার করা সম্পদ ফিরিয়ে আনতে সরকারের নেওয়া আইনি ও প্রশাসনিক উদ্যোগের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অর্জিত সম্পদের তথ্য অনুসন্ধ্যানে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ড, আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যৌথভাবে কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও জানান, সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে বকেয়া আদায় এবং ভবিষ্যৎ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি পাচারকৃত সম্পদ উদ্ধারে বিভিন্ন দেশে ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট’ (এমএলএআর) পাঠানোসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

