সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর কথিত সন্ত্রাস, নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার প্রতিবাদে বাগেরহাটের রামপালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের ভুইয়ারকান্দ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি নেতা হায়দার আলীর সভাপতিত্বে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উজলকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম বাবলা, সহসাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আলা আমিন শেখ, ছাত্রদল নেতা আক্তারুল মোড়ল এবং উপজেলা বিএনপি নেত্রী নীলুফা ইয়াসমিন নীলাসহ স্থানীয় অন্য নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে অমানুষিক নির্যাতন ও নিপীড়ন সহ্য করেও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ত্যাগ করেননি। কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসার পথে না হেঁটে দলটি সবসময় গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতিতেই বিশ্বাস রেখে এসেছে। কিন্তু বর্তমানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের সহযোগীরা দেশের বিভিন্ন অঞ্চলে পুনরায় সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
বিএনপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে অধিকার আদায় করা বিএনপিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। রাজপথে যেকোনো বিশৃঙ্খলা কিংবা শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চক্রান্ত হলে তা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে। একই সাথে দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যকার যাবতীয় বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করা এবং যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।





