বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন, এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। একপর্যায়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকরা ছত্রভঙ্গ হলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। উত্তপ্ত পরিস্থিতির কারণে মৌচাক ও এর আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছে।





