কুয়েতে নতুন যৌথ সামরিক কমান্ড কেন্দ্র খুলছে জিসিসি

Published: November 12, 2026, 7:26 am

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। নিজেদের সদস্য দেশগুলোর মধ্যে সামরিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কুয়েতে একটি নতুন যৌথ অগ্রবর্তী কমান্ড কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সংগঠনটি। দ্য মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জিসিসির মহাসচিব জাসেম আল-বুদাইওয়ি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, কুয়েতে নির্মিত এই কেন্দ্রে উপযুক্ত বাহিনী মোতায়েন করা হবে। তবে এর বাইরে প্রকল্পের ধরন বা অন্যান্য কৌশলগত বিষয় নিয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

ছয়টি উপসাগরীয় দেশের জোট জিসিসি ২০০০ সালে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল, যেখানে উল্লেখ ছিল যে এক সদস্যের ওপর হামলা মানে সবার ওপর হামলা। তবে বাস্তবে এই নিরাপত্তা প্রতিশ্রুতি ন্যাটোর মতো সুসংগঠিত নয়। জোটটির বিভিন্ন সংকটে সাড়া দেওয়ার সক্ষমতা নিয়ে দীর্ঘদিনের প্রশ্ন রয়েছে। এর আগে সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলি হামলার সময়ও জিসিসি কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। ফলে কুয়েতে নতুন এই কেন্দ্রটি তাদের বিদ্যমান সামরিক কাঠামোর শূন্যতা পূরণের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

কুয়েতে এই স্থাপনা গড়ার সিদ্ধান্ত ঘিরে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। যুদ্ধের সময় ইরান ও ইরাকি মিলিশিয়াদের ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় দেশটি দীর্ঘকাল ধরে ঝুঁকির মুখে রয়েছে। যুদ্ধের আগে কুয়েতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা অবস্থান করছিল, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। দেশটিতে ক্যাম্প আরিফজান ও আলী আল-সালেম বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও ইরান সেখানে তীব্র হামলা চালিয়েছিল। এসব ঘাঁটির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হওয়ায় জিসিসির নতুন কমান্ড কেন্দ্রটি কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। যুদ্ধের আগে কুয়েতে প্রায় ১৪ হাজার মার্কিন সেনা ছিল, যা মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের চেয়ে বেশি। তবে জিসিসির আত্মরক্ষার অঙ্গীকার ন্যাটো জোটের মতো অটুট নয়। উপসাগরের বাঁকে অবস্থানের কারণে যুদ্ধের সময় ইরান ও ইরাকি মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় দেশটি বিশেষভাবে ঝুঁকিতে ছিল।

দীর্ঘ অর্ধশতক ধরে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার প্রধান ভরসাস্থল ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি সংঘাতের ফলে এই সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। উপসাগরীয় দেশগুলোর অনুরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানো থেকে বিরত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, এই দেশগুলোতে মার্কিন সেনা উপস্থিতি থাকাটাই এখন তাদের জন্য বাড়তি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তার এই অনিশ্চয়তায় সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মক্কা চুক্তি কার্যকর করেছে এবং সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে নিজেদের সামরিক সম্পর্ক জোরদার করেছে। নিরাপত্তার জন্য বাইরের অংশীদারদের দিকে ঝুঁকছে উপসাগরীয় দেশগুলো।