নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটি উন্মোচন করল ইরান

Published: November 11, 2026, 8:56 am

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করল ইরান। মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে। এ ঘটনার পরপরই স্থাপনাটির কার্যক্রম নিয়ে একটি ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে ইরানের শীর্ষ নেতারা বিশ্বকে অবাক করে দেওয়ার মতো সামরিক প্রযুক্তি উন্মোচনের আভাস দিয়ে আসছিলেন, যা এই আয়োজনের মাধ্যমে বাস্তবায়িত হলো।

উন্মোচিত ভিডিওতে দেখা যায়, মাটির নিচে গড়ে তোলা এই স্থাপনায় বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং উন্নত প্রযুক্তির লঞ্চার প্রস্তুত রয়েছে। অনুষ্ঠানের সময় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি স্থাপনাটির বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তারা ক্ষেপণাস্ত্রবাহী ইউনিটগুলোর যুদ্ধ প্রস্তুতি ও অভিযান পরিচালনার সক্ষমতা সরাসরি পর্যবেক্ষণ করেন। বিজ্ঞান ও শিল্পের সমন্বয়: দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণাগার এবং শিল্পপ্রতিষ্ঠানের সাথে সামরিক কাঠামোর সরাসরি সমন্বয় ঘটিয়ে অস্ত্র প্রযুক্তির বিকাশ ত্বরান্বিত করা হয়েছে।

জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাটির অনেক গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব উন্নত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে। এর আগে গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ঘোষণা করেছিলেন যে, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নতুন এই ক্ষেপণাস্ত্র নগরীসহ বেশ কিছু সামরিক সক্ষমতা প্রদর্শন করা হবে। মঙ্গলবারের এই উন্মোচন সেই পরিকল্পনারই অংশ।

জেনারেল মোহেব্বির মতে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থাকে ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ বা সুরক্ষিত অবস্থানে সরিয়ে নিয়েছে। শুধু অস্ত্র সংরক্ষণের জন্যই নয়, গভীর মাটির নিচে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও বিশেষ অবকাঠামো তৈরি করা হয়েছে। ইরানের বিশাল ভূখণ্ড এবং উন্নত প্রযুক্তিনির্ভর নমনীয় উৎপাদন ব্যবস্থার কারণে যেকোনো তীব্র বোমাবর্ষণের মুখেও অস্ত্র উৎপাদন প্রক্রিয়া নিরবচ্ছিন্ন রাখা সম্ভব বলে তিনি দাবি করেন। নমনীয় যুদ্ধকালীন উৎপাদন: প্রচণ্ড বোমাবর্ষণের মধ্যেও যাতে অস্ত্র উৎপাদন ব্যাহত না হয়, সেজন্য এমন একটি নমনীয় উৎপাদনকাঠামো তৈরি করা হয়েছে যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও চালু রাখা সম্ভব।

সংবাদ সম্মেলনে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের মুখপাত্র তাদের দশটি প্রধান সামরিক সাফল্যের বিস্তারিত তুলে ধরেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত মহাকাশ প্রযুক্তি, যার মাধ্যমে ইরান এখন অস্ত্র আমদানিকারক দেশ থেকে স্বাবলম্বী উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বিশেষ করে ‘শহীদ-১৩৬’ ড্রোনের ব্যাপক শিল্প উৎপাদন বর্তমানে যুক্তরাষ্ট্রকেও নিজস্ব কৌশল পর্যালোচনায় বাধ্য করেছে। এছাড়া ‘আরমান’ ক্ষেপণাস্ত্র, ‘৩৫৮’ ড্রোন এবং ‘তৃতীয় খোরদাদ’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে বিদেশে রপ্তানি হচ্ছে।

মোহেব্বির দাবি অনুযায়ী, সাম্প্রতিক উত্তেজনার সময়ে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স অন্তত ২৬০টি শত্রু আকাশযান ধ্বংস বা প্রতিহত করেছে। এর মধ্যে এফ-৩৫, এফ-১৬, এফ-৫, এফ-১৮ যুদ্ধবিমানসহ এমকিউ-১, আরকিউ-৪, অরবিটার ও লুকাসের মতো আধুনিক ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। বিদেশি যন্ত্রাংশ বা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপর নির্ভর না করেই নিজস্ব ঘরানার প্রযুক্তিতে ইরান এই সামরিক কাঠামো তৈরি করেছে বলে তিনি জানান। সামরিক আত্মনির্ভরশীলতা: বিদেশি কোনো সরঞ্জাম, আমদানিকৃত যন্ত্রাংশ কিংবা শত্রুর জব্দ করা অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’-এর ওপর নির্ভর না করেই নিজস্ব ঘরানার বিশ্বমানের প্রযুক্তিকাঠামো দাঁড় করানো হয়েছে।

অস্ত্র উৎপাদন ও যুদ্ধের সক্ষমতা বজায় রাখতে ইরান এমন এক নমনীয় অবকাঠামো তৈরি করেছে, যা তীব্র বোমাবর্ষণের মুখেও অকার্যকর হবে না। এছাড়া তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনে যুক্ত করা হয়েছে রাডার-অদৃশ্য হওয়ার প্রযুক্তি। এর ফলে শত্রুপক্ষের শক্তিশালী ‘থাড’ বা ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা প্রসেসিং সেন্টারে প্রতিশোধমূলক আঘাত হানার পূর্ণ প্রস্তুতিও তাদের রয়েছে। গোলাবর্ষণের মধ্যেও যুদ্ধ পরিচালনা: শত্রুপক্ষের তীব্র থেকে তীব্রতর গোলাবর্ষণ বা বোমাবর্ষণের মুখেও স্বল্প ও দূরপাল্লার হালকা এবং ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে অবিচল গতিতে অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে। স্টিলেথ ও রাডার-অদৃশ্য প্রযুক্তি: রাডার ক্রস-সেকশন (আরসিএস) নাটকীয়ভাবে হ্রাস করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে রাডারে অদৃশ্য রাখার বা স্টিলেথ প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

মোহেব্বি আরও বলেন, বর্তমানে গোপন রাখা কিছু নতুন সামরিক সক্ষমতা রয়েছে, যা শত্রুপক্ষ যদি ‘তৃতীয় ধাপে’ কোনো সামরিক ভুল করে বা সংঘাত বাড়ায়, তবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া হবে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরে নৌযানে হামলা ও ইউক্রেন যুদ্ধের টানাপোড়েনের এই সময়ে ইরানের এই পদক্ষেপ ওয়াশিংটন ও তেল আবিবের ওপর কৌশলগত চাপ আরও বাড়িয়ে দিয়েছে।