রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন। তিনি জানান, বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।





