গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১৫টি যানবাহনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এর রেশ ধরে পেছনে থাকা বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১৫টি যানবাহন একটির ওপর আরেকটি আছড়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
দুর্ঘটনায় গুরুতর আহত রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত আরও ২৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম জানান, দুর্ঘটনায় তার বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি নিজে সুস্থ আছেন। তিনি বলেন, আমার গাড়ি বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন, তবে আমি সুস্থ আছি।





