বলিউড অভিনেত্রী কাশমীরা শাহ সাত বছরের দীর্ঘ বিরতি শেষে আবারও পরিচালকের আসনে ফিরছেন। এবার তিনি একটি নতুন মাইক্রো ড্রামা নির্মাণের মাধ্যমে এই যাত্রায় যুক্ত হয়েছেন। তবে শুধু নির্মাণ নয়, নতুন এই প্রজেক্টে অভিনেত্রী হিসেবেও তাকে দেখা যাবে। কাশমীরার দাবি, রিয়েলিটি শোর দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়ার পর চলচ্চিত্র শিল্পের অনেকেই তাকে অভিনেত্রী হিসেবে বিবেচনা করাই ভুলে গিয়েছিলেন। তার ভাষায়, ‘‘আমি যখন রিয়েলিটি শোর জগতে পা রাখি, তখন ইন্ডাস্ট্রি পুরোপুরি ভুলে গিয়েছিল যে আমি একজন অভিনেত্রী। এখন সময় এসেছে তাদের উপলব্ধি করার যে আমিও একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী।’’।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কাশমীরা জানান, অভিনয় ক্যারিয়ার এবং দীর্ঘ বিরতি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা। তিনি জানান, রিয়েলিটি শোয়ে কাজ করার পর ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ায় তিনি বাধ্য হয়ে নিজের সিনেমার পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন। তার ভাষ্যমতে, অভিনেত্রী হিসেবে কাজ করতে না পারার আক্ষেপ থেকেই তিনি সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন, যাতে নিজেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পারেন। কাশমীরা জানান, অভিনয় থেকে পরিচালনায় আসার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। এ কারণেই আমি সিনেমা বানাতে শুরু করি এবং সেগুলোতে নিজেকে অভিনয়ের জন্য নির্বাচন করি।
নিজের অভিনয় জীবন নিয়ে কথা বলতে গিয়ে কাশমীরা উল্লেখ করেন, তিনি ক্যারিয়ারের শুরু থেকেই সময়ের চেয়ে এগিয়ে থাকা গল্প ও চরিত্র নিয়ে কাজ করতে চেয়েছেন। ২০০০ সালের ‘জঙ্গল’ সিনেমার প্রসঙ্গ টেনে তিনি জানান, পরিচালক রাম গোপাল ভার্মা তাকে একটি ব্যতিক্রমী চরিত্রে কাস্ট করেছিলেন, যা তিনি সানন্দে গ্রহণ করেন। সাহসী ও ভিন্নধর্মী চরিত্রের প্রতি ঝোঁক থাকায় অনেক সময় ইন্ডাস্ট্রি তাকে ভিন্ন চোখে দেখত বলেও তিনি মন্তব্য করেন। এমনকি অন্য অভিনেত্রীরা যে ধরনের নেতিবাচক বা পার্শ্বচরিত্রে অভিনয় করতে আগ্রহী ছিলেন না, সেসব চরিত্রও তিনি গ্রহণ করেছেন।
গ্রিসে গত মাসে এই মাইক্রো ড্রামার শুটিং সম্পন্ন হয়েছে। এতে কাশমীরার সঙ্গে অভিনয় করছেন করণ মেহরা, তনাজ ইরানি এবং দীর্ঘ এক দশকের বেশি সময় পর অভিনয়ে ফেরা রাধিকা চৌধুরী। রাধিকার ক্ষেত্রে ২০০৩ সালের ‘তেরে নাম’ সিনেমার পর এটিই তার অন্যতম বড় প্রত্যাবর্তন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের কল্যাণে নির্মাতারা নতুন ধরনের কনটেন্ট নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন, যা দুই দশক আগে স্বপ্ন ছিল বলে কাশমীরা জানান। ২০০৩ সালে ‘তেরে নাম’ সিনেমায় অভিনয়ের পর এটিই তার উল্লেখযোগ্য প্রত্যাবর্তন।
পরিচালনার পাশাপাশি নিজের দুই সন্তানের কাছে নিজের কাজের গর্বিত উত্তরাধিকার রেখে যাওয়ার তাড়নাও তাকে অনুপ্রাণিত করে। অভিনেতা ও কৌতুকশিল্পী কৃষ্ণা অভিষেকের সঙ্গে বিবাহিত জীবনে তার দুই সন্তান রয়েছে। কাশমীরা জানান, একসময় তার সন্তানরা জানতই না যে তাদের মা একজন তারকা অভিনেত্রী। বাড়িতে কর্মী এবং অন্যদের তার সঙ্গে কথা বলতে দেখে সন্তানরা অবাক হতো। এমনকি বড় ছেলে একবার তার বাবাকেই একমাত্র তারকা বলে মনে করত। এই ঘটনাটি তাকে ক্যারিয়ারে নতুন করে মনোযোগী হতে উদ্বুদ্ধ করেছে।
নতুন এই মাইক্রো ড্রামাটি জি বুলেট প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে নির্মাণাধীন এই প্রজেক্টের নাম কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।





