সিলেট টেস্টে চতুর্থ দিন শেষে বেশ কোণঠাসা অবস্থানে বাংলাদেশ। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করে ৩১৫ রানের লিড নিয়েছে। দিনজুড়ে উইন্ডিজ ব্যাটারদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয় এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে উইন্ডিজ করেছিল ৩৫৬ রান, জবাবে বাংলাদেশ ৩৮৬ রান তুলে ৩০ রানের লিড নিয়েছিল। সিলেট টেস্টে হতাশার এক দিন কাটাল বাংলাদেশ।ম্যাচের চতুর্থ দিন আগের দিনের ৭ রান নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩৪৫ রান করেছে সফরকারীরা। তাওহীদ হৃদয়ের অনবদ্য ডাবল সেঞ্চুরির পরেও সিলেট টেস্টে অস্বস্তিকর অবস্থায় বাংলাদেশ।
রোববার ম্যাচের প্রথম সেশনে স্পিনারদের নৈপুণ্যে বাংলাদেশ দুটি উইকেট তুলে নিলেও পরের দুই সেশনে মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছে। দিনের শুরুতে তাইজুল ইসলাম দলীয় ৮৫ রানের মাথায় জশুয়া ডি সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ব্রেক-থ্রু এনে দেন। এর কিছু সময় পর ব্রেন্ডন কিংয়ের সহজ ক্যাচ শর্ট কাভারে তাওহীদ হৃদয় মিস করলেও, দলীয় ১১৯ রানে মেহেদী হাসান মিরাজের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন কিং। প্রথম সেশনে ২ উইকেট নিয়ে স্পিনাররা কিছুটা আশা দেখালেও শেষ ২ সেশনে মাত্র ১ উইকেট পেয়েছে বাংলাদেশ। প্রথম উইকেট পাওয়ার পর ১০ রানের মাথায় ব্রেন্ডন কিংয়ের উইকেটও পেতে পারতেন তাইজুল।
দ্বিতীয় সেশনে সম্পূর্ণ আধিপত্য বজায় রাখেন কেভিন উইকহ্যাম ও কাভেম হজ। এই জুটি ২৮ ওভার নির্বিঘ্নে কাটিয়ে বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি। দারুণ ব্যাটিংয়ে কাভেম হজ নিজের ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন। অন্যদিকে, অভিষিক্ত উইকহ্যাম প্রথম ইনিংসের ধারাবাহিকতা বজায় রেখে আবারো ফিফটির দেখা পেয়েছেন। শেষ সেশনে তাইজুল ইসলাম উইকহ্যামকে আউট করে প্রতিরোধ ভাঙেন, কিন্তু ৭৮ রানে আউট হওয়া উইকহ্যামের বিদায়ের পরেও উইন্ডিজের রানের চাকা সচল ছিল।
দিন শেষে ১৪০ রানে অপরাজিত আছেন কাভেম হজ। তাকে সঙ্গ দিচ্ছেন ২০ রানে অপরাজিত থাকা আমির জাঙ্গু। দিনভর উইন্ডিজ ব্যাটারদের দৃঢ়তায় বাংলাদেশ বোলাররা সেভাবে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন। ফলে টেস্টের শেষ দিনে ম্যাচ জেতার কঠিন সমীকরণ এখন বাংলাদেশের সামনে।




