অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

Published: November 6, 2026, 8:56 am

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার বিচার ও তদন্ত দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। এর আগে তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দুই দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা এবং দায়িত্বরত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া। এছাড়া অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজটির সব প্রশাসনিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণে প্রশাসন থেকে কোনো আশ্বাস না পাওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের এই আন্দোলনের নেপথ্যে রয়েছে গত পূজার ছুটির সময়ের একটি ঘটনা। স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও তা ভোর ৫টা পর্যন্ত গড়ায়। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অডিটোরিয়াম ব্যবহারের দায়ে অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করে দেন অধ্যক্ষ মেহেরুন নেছা। পরে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাদের কাছে এক রাতের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। এই জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা ঘিরেই ক্যাম্পাসে অসন্তোষের সৃষ্টি হয় যা পরবর্তীতে বড় ধরনের আন্দোলনে রূপ নিয়েছে।