ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধে বন্ধ ঢাকার যোগাযোগ

Published: November 8, 2026, 5:56 am

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ভেঙে নতুন ইউনিয়ন ও উপজেলা গঠনের প্রতিবাদে অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে স্থানীয় বাসিন্দারা সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। রোববার সকাল থেকে কোড্ডা কেবিন এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই পরিস্থিতির কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর এবং সুবর্ণ এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ট্রেনের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চলতি বছরের মে মাসে সদর উপজেলার কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে একটি নতুন ইউনিয়ন গঠন করা হয় এবং সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সংক্রান্ত একটি গেজেট ৪ জুন প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে শুরু থেকেই এলাকাবাসী আপত্তি জানিয়ে আসছিলেন। এরপর সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে বরিশল ইউনিয়নের সাথে যুক্ত করে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব তোলা হয়। বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই বিষয়টির প্রতিবাদ করলেও তার কোনো সুরাহা মেলেনি।

জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এই প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠালে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদেই এলাকাবাসী আজ রেলপথ ও সড়কপথ অবরোধ করে অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবি জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। জানমালের কোনো ক্ষতি যাতে না হয়, সেজন্য নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।