কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ

Published: November 9, 2026, 10:26 am

কাতারের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ‘আল-উতরুজা ওয়াকফ’ (Al-Utruja Endowment) দেশটির দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালন করছে। এই প্রকল্পের সহায়তায় বর্তমানে কাতারজুড়ে বিভিন্ন কোরআন শিক্ষাকেন্দ্র ও বিদ্যালয়ে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করছে। দীর্ঘমেয়াদি ও টেকসই এই উদ্যোগটি কোরআন শিক্ষার প্রসারে একটি শক্তিশালী ও স্থায়ী অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলেছে, যা প্রতিষ্ঠানগুলোর পরিধি ও কার্যক্রম বাড়াতে সহায়তা করছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আওকাফ অধিদপ্তরের অধীনে বর্তমানে দেশজুড়ে ১৭৬টি কেন্দ্র ও কোরআন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এই কেন্দ্রগুলোতে অভিজ্ঞ দেড় হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা পাঠদান করছেন। আওকাফ মন্ত্রণালয়ের ধর্মপ্রচারক ড. মাসউদ জারাল্লাহ আবু শুরাইদা জানান, আল-উতরুজা একটি অনন্য প্রকল্প, যেখানে ওয়াকফকৃত সম্পদের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি অর্জিত আয় কোরআনের বহুমুখী সেবায় ব্যয় করা হয়।

প্রকল্পের স্থায়ী অর্থায়ন নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে ১১২টি অ্যাপার্টমেন্টের একটি আধুনিক আবাসন কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে, যা ২০২২ সালে উদ্বোধন করা হয়। এই আবাসন প্রকল্প থেকে প্রতি মাসে যে আয় আসে, তা সরাসরি কোরআন শিক্ষাকেন্দ্রগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হয়। ড. আবু শুরাইদার তথ্য অনুযায়ী, বর্তমানে আল-উতরুজার কেন্দ্রগুলোতে নারী শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ১৩১ জন। কোরআন শিক্ষার প্রতি নারীদের এই আগ্রহ কেবল তাদের দ্বীনি জ্ঞানই সমৃদ্ধ করছে না, বরং একটি আদর্শ পরিবার গঠন ও সমাজ গঠনেও বিশেষ অবদান রাখছে।

সমাজের যেকোনো শ্রেণি ও পেশার মানুষ এই কল্যাণমূলক কাজে অংশ নিতে পারেন। সাধারণ নাগরিক ও প্রবাসীরা ১ হাজার কাতারি রিয়াল (QR) অথবা তাদের সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ অনুদান হিসেবে দিতে পারেন। এছাড়া ওয়াকফ বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমেও যে কেউ এতে অবদান রাখতে পারেন। সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের জন্য আল-উতরুজা ওয়াকফে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে।

ওয়াকফের কার্যক্রমকে আরও গতিশীল করতে আওকাফ অধিদপ্তর তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে নতুন ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে স্থাবর সম্পত্তির খালি ইউনিটগুলো খুঁজে দেখার পাশাপাশি ভাড়ার আবেদন করতে পারবেন। ড. আবু শুরাইদা এই প্রকল্পের সাথে জড়িত সকল দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।