ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই হাজার ২৬০ জন

Published: November 9, 2026, 12:26 pm

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজন মারা গেছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এর ফলে চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত মশাবাহিত এই রোগে মোট ৪৬৬ জনের প্রাণহানি হলো। গত একদিনে নতুন করে আরও ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১০৭৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২২৪ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মোট দুজন মারা গেছেন। সব মিলিয়ে ঢাকা বিভাগে এ পর্যন্ত মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে, যা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সর্বোচ্চ। এছাড়া খুলনা বিভাগে ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৭৭ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ৮৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন নতুন করে চিকিৎসাধীন হয়েছেন।