জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ থেকে ১২ নভেম্বর এই সফর অনুষ্ঠিত হবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণলায়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় আজ শুরু হচ্ছে কপ-৩১ সম্মেলন, যা চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আনতালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত এই সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। এই সফরে তিনি দুটি পৃথক পর্বে বক্তব্য রাখবেন। সফরসূচি অনুযায়ী, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তৈয়্যব এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও তার একাধিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এবারের জলবায়ু সম্মেলনে বাংলাদেশ পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার বিষয়ে জোর দাবি তুলবে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর পক্ষ থেকে কার্যকর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার ওপর গুরুত্ব দেবে ঢাকা। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের আওতায় আয়োজিত ‘কপ’ সম্মেলন বিশ্বের জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় মঞ্চ হিসেবে স্বীকৃত।
চলতি বছরের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে আলোচনা হবে। এছাড়া মিথেন গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণ, ভবন নির্মাণ খাতে জ্বালানি ব্যবহার ২৫ শতাংশ হ্রাস এবং প্যারিস চুক্তির আলোকে উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




