কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ

Published: November 13, 2026, 6:26 am

বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ূন আহমেদ তার সৃষ্টির মধ্য দিয়ে সময়ের সীমানা ছাড়িয়ে বেঁচে আছেন। তার লেখনীতে উঠে আসা চরিত্রের প্রতিটি সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে। কথাসাহিত্য, নাটক ও চলচ্চিত্র—সৃজনশীলতার প্রতিটি শাখায় নিজস্ব স্বাক্ষর রাখা এই কিংবদন্তির আজ শুক্রবার (১৩ নভেম্বর) ৭৮তম জন্মবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণকারী এই লেখক ২০১২ সালের ১৯ জুলাই পৃথিবী থেকে বিদায় নিলেও তার সাহিত্য ও সৃষ্টিযজ্ঞ আজও সমান জনপ্রিয়। তাদের গল্পের চরিত্র হয়ে ওঠে পাঠকের আপনজন, সংলাপ ঘুরেফিরে আসে মানুষের মুখে। তার গল্পের পরিচিত পরিবেশ ও চরিত্রের সঙ্গে পাঠকেরা সহজেই নিজেদের মিল খুঁজে পেতেন। এভাবেই তিনি হয়ে ওঠেন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক। হলুদ পাঞ্জাবি পরা ভবঘুরে হিমু পাঠকের কল্পনার জগতে স্বতন্ত্র জায়গা করে নিয়েছে। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও হুমায়ূন আহমেদের সাফল্য উল্লেখযোগ্য। বইমেলায় তার বইয়ের প্রতি পাঠকের আগ্রহ, টেলিভিশনে নাটকের পুনঃপ্রচার কিংবা চলচ্চিত্রের গান ও সংলাপে বারবার ফিরে আসে তার উপস্থিতি।

সহজ ও সাবলীল ভাষায় জটিল মানবিক অনুভূতি প্রকাশ করা ছিল হুমায়ূন আহমেদের লেখনীর মূল শক্তি। মধ্যবিত্তের জীবনসংগ্রাম, প্রেম, বিরহ, হাস্যরস কিংবা দর্শনের গভীরতা তার লেখায় ফুটে উঠত ভিন্ন আঙ্গিকে। ১৯৭২ সালে প্রকাশিত ‘নন্দিত নরকে’ উপন্যাসটি তাকে পরিচিতি দেয় অনন্য উচ্চতায়। এরপর দুই শতাধিক বই লিখে তিনি বাংলা সাহিত্যে সমৃদ্ধ ভুবন গড়ে তুলেছেন। ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘কবি’, ‘লীলাবতী’ ও ‘দেয়াল’-এর মতো কালজয়ী সব সৃষ্টির জন্য পাঠক তাকে সব সময় মনে রাখবে। তার সৃষ্ট ‘হিমু’ ও ‘মিসির আলী’ চরিত্র দুটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় সংযোজন। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, সম্পর্কের ওঠানামা, ভালোবাসা, বিষণ্নতা, হাস্যরস কিংবা জীবনের গভীর দর্শন—সবকিছুই তিনি তুলে ধরেছেন নিজস্ব বর্ণনাভঙ্গিতে। এরপর একের পর এক উপন্যাস, ছোটগল্প, কিশোর সাহিত্যসহ বিভিন্ন রচনার মধ্য দিয়ে গড়ে ওঠে তার সমৃদ্ধ সাহিত্যভুবন। অন্যদিকে যুক্তিনির্ভর অনুসন্ধানী চরিত্র মিসির আলীও পেয়েছে আলাদা পাঠকপ্রিয়তা।

সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটকেও তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ১৯৮৩ সালে ‘প্রথম প্রহর’ নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় যাত্রা শুরু করে তিনি ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘আজ রবিবার’-এর মতো ধ্রুপদী সব নাটক উপহার দিয়েছেন। বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকের বাকের ভাই চরিত্রটি দর্শকের আবেগের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। চরিত্রের ফাঁসির সিদ্ধান্তের প্রতিবাদে দর্শকদের রাজপথে নেমে আসার ঘটনা বাংলাদেশের টেলিভিশন ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত।

চলচ্চিত্র নির্মাণেও হুমায়ূন আহমেদ সমান সফল ছিলেন। ১৯৯৪ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করে তিনি জয় করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’-এর মতো আটটি সিনেমা পরিচালনা করেছেন তিনি। তার চলচ্চিত্রগুলোতে গল্প বলার নিজস্ব শৈলী ও সংগীতের মায়াবী ব্যবহার দর্শকদের বারবার মুগ্ধ করেছে। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আটটি বিভাগে স্বীকৃতি পায়।

একাডেমিক জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা হুমায়ূন আহমেদ যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করলেও নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে তিনি পুরোপুরি লেখালেখি ও নির্মাণে মনোনিবেশ করেন। সাহিত্য ও চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন।

ব্যক্তিগত জীবনে ১৯৭৩ সালে গুলতেকিন খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের চার সন্তান নোভা, শীলা, বিপাশা ও নুহাশ হুমায়ূন। পরবর্তীতে ২০০৫ সালে তিনি অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনকে বিয়ে করেন এবং তাদের সংসারে দুই ছেলে নিষাদ ও নিনিত হুমায়ূন রয়েছে। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর তাকে গাজীপুরের নুহাশপল্লীতে সমাহিত করা হয়। মৃত্যুর এক যুগেরও বেশি সময় পার হলেও বইমেলার পাঠকপ্রিয়তা থেকে শুরু করে গণমাধ্যমের বিভিন্ন আয়োজনে হুমায়ূন আহমেদের উপস্থিতি আজও প্রাসঙ্গিক।