নিরাপত্তা ঝুঁকিতে কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরছে যুক্তরাষ্ট্র

Published: November 13, 2026, 5:57 am

মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতার প্রেক্ষিতে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগে বুধবার (১১ নভেম্বর) ইউএস সকার ফেডারেশন খেলোয়াড়দের পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বর্তমান আঞ্চলিক অস্থিরতা এবং মার্কিন সরকারের ভ্রমণ সংক্রান্ত নির্দেশনার আলোকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ ও প্রাক্‌-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প বাতিল করা হয়েছে।

আগামী ১৯ নভেম্বর থেকে ৪৮ দলের এই আসর শুরু হওয়ার কথা ছিল। এতে ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া এবং চিলি। ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের আসর শুরুর কথা থাকলেও, এমন সিদ্ধান্তের ফলে তা আর হচ্ছে না। প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর কাতারের জন্য তৃতীয় স্তরের (লেভেল-৩) ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছিল সেখানে। এছাড়া সৌদি আরবে হুতি হামলার ঘটনার প্রেক্ষাপটে কাতারে থাকা মার্কিন দূতাবাস কর্মীদের জন্যও বিশেষ নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুতিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সতর্কতা জারি করা হয়েছিল।

১৬ থেকে ১৭ বছর বয়সী কিশোর খেলোয়াড় ও দলের স্টাফদের সুরক্ষাই তাদের কাছে সর্বপ্রধান গুরুত্ব বলে চিঠিতে উল্লেখ করেছে ইউএস সকার। ফেডারেশন ইতিমধ্যে খেলোয়াড়দের ক্লাবগুলোকে এই সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেছে। ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে কোনো মন্তব্য না করার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, রয়টার্সের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ফিফার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তারা তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি।

ফিফার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর ৩০ দিনের মধ্যে কোনো দল নাম প্রত্যাহার করলে ২০ হাজার সুইস ফ্রাঁ বা প্রায় ২৪ হাজার মার্কিন ডলার জরিমানার বিধান রয়েছে। গত বছর অনুষ্ঠিত টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র শেষ ৩২ পর্যন্ত খেলেছিল। উল্লেখ্য, ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর কাতারেই এই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা রয়েছে।