কারিনার লকেট বিতর্ক: আলোচনায় দীপিকার পুরোনো গয়নার ছবি

Published: November 13, 2026, 9:56 am

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের রেশ না কাটতেই অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি পুরোনো গয়নার ছবি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় দীপিকার পরা একটি বিশেষ নেকলেস এখন নেটিজেনদের নজরে এসেছে। সেই নেকলেসের একটি পাথরে আরবি ভাষায় ‘ফি আমানিল্লাহ’ বা ‘আল্লাহর নিরাপত্তায়’ কথাটি খোদাই করা ছিল। তবে কারিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর পুরোনো ছবিটি আবারও আলোচনায় এসেছে।

দীপিকা সেই অনুষ্ঠানে বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের ‘লখনউ রোজ’ নেকলেসটি পরেছিলেন। পশ্চিমা পোশাকের সঙ্গে মহারানি নকশার এই গয়নাটি তখন থেকেই দীপিকার ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পরিচিত। তবে কারিনার সাম্প্রতিক বিতর্কের পর ধর্মীয় বার্তা সংবলিত গয়নার ব্যবহার নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয়ে তৈরি এই রিসোর্ট ফ্যাশন সিরিজের নেকলেসটির নাম ‘লখনউ রোজ’। ধর্মীয় প্রার্থনার অংশ হিসেবেও এটি পাঠ করা হয়।

উল্লেখ্য যে, ২০২৬ সালের দীপাবলিতে কারিনা কাপুর খান ডিজাইনার পুনিত বালানার নকশা করা পোশাকের সঙ্গে একটি প্রাচীন পান্নার লকেট পরেছিলেন। পুরো সাজের অন্যতম আকর্ষণ ছিল প্রাচীন নকশার পান্নার লকেটটি।

প্রায় ৩০ ক্যারেটের ওই লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে গত ১১ নভেম্বর কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ। তিনি ব্যক্তিগত অবস্থান থেকে নোটিশটি পাঠিয়েছেন বলে জানিয়েছেন। নোটিশে ধর্মীয় আয়াতের অপব্যবহারের অভিযোগ তুলে কারিনা ও রিয়া কাপুরের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যম থেকে ছবি ও ভিডিও সরিয়ে ফেলার দাবি জানানো হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে নয়, মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকে এ পদক্ষেপ নিয়েছেন। এতে বলা হয়েছে, এ ধরনের ব্যবহার মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে ধর্মীয় আয়াতের প্রতি যথাযথ সম্মান দেখানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে।

এই গয়নাটি মূলত ভোপালের নবাব পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি ঐতিহ্যবাহী সম্পদ। ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের মেয়ে ও সাইফ আলী খানের পিতামহী সাজিদা সুলতানের মাধ্যমেই এই রাজকীয় গয়নাটি পতৌদি পরিবারের সংগ্রহে যুক্ত হয়েছে। সাইফকে বিয়ের পর থেকেই কারিনা পরিবারের এই বিশেষ সংগ্রহ ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

তবে কারিনার বিরুদ্ধে আসা এই আইনি নোটিশের বিরোধিতাও করছেন কেউ কেউ। ভোপালের বিভিন্ন সংগঠন, বিশেষ করে হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ কারিনার প্রতি সমর্থন জানিয়েছে। হিন্দু উৎসব সমিতির সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছেন। সংশ্লিষ্ট বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কারিনা কাপুর খান বা রিয়া কাপুর কেউই এখনো এই আইনি নোটিশ বা বিতর্কের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।