কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই দৌলতপুর থানায় সশরীরে উপস্থিত হয়ে এই এজাহার জমা দেন। মামলার বিষয়টি দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান নিশ্চিত করেছেন। তদন্তের স্বার্থে আসামিদের নাম এখনই প্রকাশ করা না হলেও তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।
এজাহারে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আটজন নেতাকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।
এদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের কুষ্টিয়া জেলা সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহরিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলায় কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এই ভয়াবহ ঘটনা ঘটে। সেই সময় জাতীয় সংসদ অধিবেশন চলায় এমপি নুসরাত তাবাসসুম ঢাকায় ছিলেন। বাড়িতে তাঁর বাবা আব্দুল হালিম (টম মাস্টার) এবং মা জহুরা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা অবস্থান করছিলেন। পরপর তিনটি বিকট শব্দের পর বাড়ির বসতঘর ও উঠানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ভেড়ামারা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে হয়। ঘর থেকে বেরিয়ে তাঁরা দেখেন, বসতঘর, উঠান ও আশপাশের সবকিছুতে আগুন জ্বলছে।
এমপি নুসরাত তাবাসসুমের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাঁর পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিলেন এবং তাদের হত্যার পরিকল্পনা করছিলেন। এই পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে মা-বাবাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আগুনে বাড়ির এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। গোয়ালঘরে থাকা তিনটি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এমপি নুসরাত তাবাসসুম এজাহারে জানিয়েছেন। এই ঘটনার পর থেকে ওই এলাকায় এবং এমপির পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এতে তাঁর আনুমানিক ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।





