সরিষাবাড়ীতে প্রেমিকার বাড়িতে গিয়ে ধরা পড়লেন জামায়াত কর্মী

Published: November 14, 2026, 4:26 am

জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন বাবুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী অভিযোগ করেন, চার সন্তানের জনক বাবুল মিয়া গোপনে ওই নারীর বাড়িতে প্রবেশ করলে তারা বিষয়টি টের পান এবং তাকে ঘিরে ফেলে আটক করেন। এরপর দ্রুত সেখানে মানুষের ভিড় জমে যায়।

খবর পেয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় স্থানান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হলে জামায়াতে ইসলামীর উপজেলা আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল বলেন, “এই ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। তিনি আমাদের কোনো তালিকাভুক্ত নেতা নন, তবে নির্বাচনের সময় সমর্থক হিসেবে কাজ করেছিলেন।” বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।