সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা ও ভূমিকা চায় ভারত। পাশাপাশি ক্ষমতাচ্যুত এই নেত্রীকে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ এবং পুনরায় বিচারের মুখোমুখি করার নিশ্চয়তা চায় নয়াদিল্লি। ভারতের সরকারি ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিবিসি বাংলার প্রতিবেদনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর একটি সামরিক বিমানে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর দীর্ঘ সময় পার হলেও সম্প্রতি তিনি ডিসেম্বরে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে ভারত চায় বাংলাদেশ সেনাবাহিনী যেন তার প্রত্যাবর্তনের বিষয়টি সমন্বয় করে। এক্ষেত্রে স্থলপথ বা আকাশপথে সামরিক বিমান ব্যবহারের মাধ্যমে তাকে গ্রহণ করার প্রস্তুতি নিয়ে রাখতে চায় নয়াদিল্লি। লজিস্টিক সহায়তার জন্য ভারত সব ধরনের ব্যবস্থা করতেও প্রস্তুত বলে জানিয়েছে। দ্বিতীয় শর্তটি ২০২৪ সালের অভ্যুত্থানে দমনপীড়নের অভিযোগে হাসিনার সাজা সংক্রান্ত।
শেখ হাসিনার বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ দেয়। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। ভারত চায় ঢাকা যেন তাকে আইনি লড়াইয়ের পূর্ণ সুযোগ দেয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জেনেশুনে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে এমন কোনো পরিস্থিতিতে হাসিনাকে হস্তান্তর করা ভারতের পক্ষে সম্ভব নয়। তারা চায় আন্তর্জাতিক ও গণমাধ্যমের নজরদারিতে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পন্ন হোক।
এদিকে গত ৯ নভেম্বর এক ব্রিটিশ ল’ ফার্মের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন হাসিনা। দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। যদিও সরকার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।
হাসিনার ফেরার বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আগে থেকেই অনানুষ্ঠানিক আলোচনা চলছিল। গত ৬ অক্টোবর দিল্লিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেন। আনুষ্ঠানিকভাবে এটিকে প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্কের আলোচনা বলা হলেও, সামরিক সূত্রের খবর অনুযায়ী সেখানে হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকার বিষয়টিও উঠে এসেছিল। নয়াদিল্লি কয়েক মাস ধরে ঢাকার সাথে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে আসছিল। তবে এক সামরিক সূত্র এই বৈঠককে হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সম্ভাব্য ভূমিকা নিয়েও আলাপ হওয়ার সম্ভাবনার কথা জানান।
অন্যদিকে, শুক্রবার এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক উল্লেখ করেন, হাসিনাকে আশ্রয় দিতে অন্য কোনো দেশ রাজি হচ্ছে না বলেই তিনি বাংলাদেশে ফেরার বিষয়টি শেষ বিকল্প হিসেবে দেখছেন। তবে বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় ডিসেম্বরে তার ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভারতীয় কর্মকর্তারা। এ বিষয়ে শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কোনো মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, ভারত বা বাংলাদেশ কোনো সরকারই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই শর্তগুলোর সত্যতা নিশ্চিত করেনি।





