বিদেশের বাজারে বড় পরিসরে মুক্তি পেতে চলেছে রণবীরের ‘রামায়ণ’

Published: November 16, 2026, 10:56 am

নিভীশ তিওয়ারি পরিচালিত এবং রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ এবার আন্তর্জাতিক বাজারে বড় পরিসরে মুক্তি পেতে যাচ্ছে। ২০২৭ সালের প্রথম তিন মাসের মধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। বিশেষ করে চীনের বাজার নিয়ে তারা বেশ আশাবাদী, কারণ অতীতে এই দেশেই নিভীশ তিওয়ারির পরিচালনায় আমির খানের ‘দঙ্গল’ অভূতপূর্ব ব্যবসায়িক সাফল্য পেয়েছিল। ২০১৭ সালে চীনে মুক্তি পাওয়া দঙ্গল প্রায় ১৩০৫ কোটি টাকার ব্যবসা করেছিল, যা ভারতের তুলনায় দ্বিগুণেরও বেশি। ২০১৬ সালের সিনেমা ‘দঙ্গল’ ২০১৭ সালে চীনে মুক্তি পেয়েছিল। ফলে চীনের প্রেক্ষাগৃহে ‘রামায়ণ’ শীঘ্রই দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ভারতের বক্সঅফিসেও ঝড় তুলেছে এই সিনেমা।

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী, ‘রামায়ণ’ সিনেমাটি চীনে মুক্তির জন্য প্রয়োজনীয় সেন্সর ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সিনেমাটি ইতোমধ্যেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে পুরো টিম। রামের ভূমিকায় রণবীর কাপুরের পাশাপাশি এই সিনেমায় রাবণের চরিত্রে যশ এবং সীতার ভূমিকায় সাই পল্লবী অভিনয় করেছেন। ভারতের বক্সঅফিসে ব্যাপক সাড়া ফেলার পর এখন বিদেশের দর্শকদের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

এরই মধ্যে গত ৫ নভেম্বর ভারত ছাড়াও ব্রিটেন, উত্তর আমেরিকা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ায় ‘রামায়ণ’ মুক্তি পেয়েছে। গত ১২ নভেম্বর থেকে হংকংয়ের দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে সিনেমাটি, যেখানে হিন্দি ভাষার সঙ্গে চীনা ও ইংরেজি সাবটাইটেল যুক্ত রয়েছে। আন্তর্জাতিক দর্শকদের সুবিধার জন্য সিনেমাটির একটি সংক্ষিপ্ত ইংরেজি সংস্করণও তৈরি করা হয়েছে, যার শিরোনাম ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’।

আন্তর্জাতিক মুক্তির সূচি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর ব্রাজিল, ইতালি, ইউক্রেন এবং হাঙ্গেরিতে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরপর ২৬ নভেম্বর আর্জেন্টিনা, মধ্য আমেরিকা এবং কলম্বিয়াতে এটি প্রদর্শিত হবে। ভারতে সিনেমাটি হিন্দির পাশাপাশি কন্নড়, তামিল, তেলুগু এবং মালয়ালম ভাষাতেও মুক্তি দেওয়া হয়েছে। এখন আন্তর্জাতিক বাজারে ‘দঙ্গল’-এর মতো সাফল্য ‘রামায়ণ’ আবারও পুনরাবৃত্তি করতে পারে কি না, সেদিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।