নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ফের অস্থির হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নরসিংহপুরের নিউএজ কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন শেষে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। পর্যায়ক্রমে এই আন্দোলন আশপাশের কারখানায় ছড়িয়ে পড়লে নিরাপত্তা বিবেচনায় কর্তৃপক্ষ বেশ কিছু প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করে। হেমায়েতপুর, তেঁতুলঝোড়া, ফুলবাড়িয়া ও উলাইলসহ বিভিন্ন এলাকার কারখানাগুলোতেও একই চিত্র দেখা গেছে। শ্রমিকরা তাদের দাবির পক্ষে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন।
বিক্ষোভের এক পর্যায়ে হা-মীম গ্রুপের কারখানার সামনে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার শোয়েব আহমেদ আহত হন। বেলা সোয়া ১১টার দিকে নদী ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় দুর্বৃত্তরা হা-মীম গ্রুপের একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করে।
শিল্প পুলিশের পুলিশ সুপার মুমিনুল ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, বর্তমানে শিল্পাঞ্চল ও মহাসড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ এবং এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে সাভারের অনেক কারখানা বন্ধ রাখা হয়েছে এবং বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।





