বাবার পথ অনুসরণ করে আন্তর্জাতিক ফুটবলের আলোয় নিজেকে মেলতে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ১৬ বছর বয়সী বড় ছেলে এবার প্রথমবারের মতো দেশটির অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বকে সামনে রেখে অনূর্ধ্ব-১৭ দলের ২৩ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তাতে স্থান করে নিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।
আসন্ন ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে পর্তুগাল নিজেদের হোম গ্রাউন্ডেই অভিযান শুরু করবে। সূচি অনুযায়ী, আগামী ১১ নভেম্বর অ্যান্ডোরার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে দলটি। এর পর ১৪ নভেম্বর বুলগেরিয়া এবং ১৭ নভেম্বর সার্বিয়ার মুখোমুখি হবেন পর্তুগিজ তরুণরা। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ট্রেনিং গ্রাউন্ডে। টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে পৌঁছাতে হলে পর্তুগালকে অবশ্যই নিজ গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে হবে।
সৌদি প্রো লিগের দল আল নাসরের বয়সভিত্তিক দলে প্রধানত উইঙ্গার হিসেবে খেলে থাকেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। পর্তুগালের বয়সভিত্তিক অন্যান্য পর্যায়েও আগে থেকেই পারফর্ম করে আসছেন তিনি। অনূর্ধ্ব-১৫ দলের হয়ে এক টুর্নামেন্টের ফাইনালে জোড়া গোল করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন তিনি। এছাড়া পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ৯টি ম্যাচ খেলে ৩টি গোলও করেছেন এই উঠতি ফুটবলার। বয়সভিত্তিক দলগুলোতে এই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে জায়গা পেলেন তিনি। এর আগে তিনি পর্তুগালের অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৬ দলেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বয়স ভিত্তিক দলগুলোতে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করার ফলেই এবার তার সামনে এল অনূর্ধ্ব-১৭ দলে খেলার এই সুবর্ণ সুযোগ।
ছেলের এই অগ্রগতির পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নজর রয়েছে বাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপরেও। আগামী শুক্রবার পর্তুগাল জাতীয় ফুটবলের মূল স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। ৪১ বছর বয়সী এই অভিজ্ঞ ফরোয়ার্ড দেশের হয়ে আসন্ন ম্যাচগুলোর স্কোয়াডে জায়গা পান কি না, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। সমর্থকরা এখন আশায় আছেন, ফুটবল মাঠে পর্তুগালের হয়ে বাবা ও ছেলে উভয়েই উজ্জ্বল উপস্থিতি বজায় রাখবেন।


