জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল

Published: November 7, 2026, 8:56 am

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি করছে বিএনপি। এ কর্মসূচিতে অংশ নিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের বিপুল সমাগম শুরু হয়েছে। ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হচ্ছেন। তাদের হাতে শোভা পাচ্ছে জাতীয় ও দলীয় পতাকা, বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রঙিন টি-শার্ট ও টুপি পরে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। র‍্যালির আগে এখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বেই এই র‍্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা এতে উপস্থিত থাকবেন।

আজ শনিবার (৭ নভেম্বর) বেলা ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই র‍্যালি শুরু হওয়ার কথা রয়েছে। মিছিলটি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে। আগামীকাল রবিবার (৮ নভেম্বর) ঢাকা ছাড়া সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে র‍্যালি অনুষ্ঠিত হবে। একই ধারাবাহিকতায় পরদিন ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়েও র‍্যালি করার ঘোষণা দিয়েছে দলটি।

শোভাযাত্রাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের নিজস্ব স্বেচ্ছাসেবকরা সড়কের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন। এছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে র‍্যালী চলাকালীন বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।