মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ হলেন সামিরা খান মাহি

Published: November 8, 2026, 1:26 pm

বিশ্বের দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গত শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর চূড়ান্ত পর্বে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মাধ্যমে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মূল মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। আয়োজক সূত্রের বরাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বসুন্ধরার সেই জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন আগের আসরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা। দুই সুন্দরীর আলিঙ্গন ও একসঙ্গে মঞ্চে হেঁটে চলার মুহূর্তে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জাও। জমকালো এই রাতের জন্য সামিরা বেছে নিয়েছিলেন অফ-শোল্ডার শ্যাম্পেন-গোল্ড রঙের মারমেইড গাউন, যাতে ছিল ভারী পাথরের নকশা। অন্যদিকে তানজিয়া জামান মিথিলা পরেন হালকা নীল ও রুপালি সংমিশ্রণের গাউন।

সেরা খেতাব জয়ের পর আবেগাপ্লুত কণ্ঠে প্রতিক্রিয়া জানান মাহি। তিনি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছেন, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে আদতে বাংলাদেশই জিতে যাবে।’ ছোট পর্দায় সাবলীল অভিনয় ও আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে দীর্ঘদিন ধরেই দর্শকনন্দিত এই তারকা, এবার জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতাতেও তার এই দক্ষতার স্বীকৃতি পেলেন। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসের কারণে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।

আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। সারা বিশ্ব থেকে আসা প্রতিযোগীদের সাথে এবার মঞ্চ ভাগাভাগি করবেন মাহি। উল্লেখ্য, ২০২৫ সালে আয়োজিত ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তানজিয়া জামান মিথিলা। সেখানে বিশ্বের ১২২টি দেশের সুন্দরিদের পেছনে ফেলে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি, যা আন্তর্জাতিক মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশের জন্য প্রথম সাফল্য ছিল। এছাড়া মিথিলা সেবার ‘পিপলস চয়েস’ বিভাগেও শীর্ষে উঠে এসেছিলেন। সেই ধারাবাহিক সাফল্য বজায় রাখার দায়িত্ব এখন সামিরা খান মাহির কাঁধে। মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথমবারের মতো সেরা ৩০-এ স্থান পাওয়া।