৮১ বছর বয়সে বুকার জয়ী এম জন হ্যারিসনের ঐতিহাসিক অর্জন

Published: November 10, 2026, 9:26 am

২০২৬ সালের বুকার পুরস্কার জিতে নিয়েছেন ৮১ বছর বয়সী প্রখ্যাত ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। তার আলোচিত উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য এই সম্মাননা অর্জন করেছেন তিনি। সাহিত্য পুরস্কারের ইতিহাসে কোনো সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানধর্মী উপন্যাসের বুকার জয়ের এটিই প্রথম ঘটনা। এই জয়ের মাধ্যমে হ্যারিসন বুকার পুরস্কারের ইতিহাসে বয়োজ্যেষ্ঠ বিজয়ী হওয়ার গৌরবও অর্জন করেছেন। সোমবার (৯ নভেম্বর) লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ডের চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। এর আগে ২০১৯ সালে ৭৯ বছর বয়সে মার্গারেট অটউড ‘দ্য টেস্তামেন্টস’ উপন্যাসের জন্য পুরস্কার জিতে এই রেকর্ডটি ধরে রেখেছিলেন।

বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড এই জয়কে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি জানান, অতীতে অনেকে সায়েন্স ফিকশন নিয়ে কাজ করলেও হ্যারিসনই প্রথম বুকারজয়ী, যিনি সরাসরি এই ঘরানার জগত থেকেই উঠে এসেছেন। ১৯৮ পৃষ্ঠার ছোট এই উপন্যাসটির পটভূমি রাখা হয়েছে নিকট-ভবিষ্যতের কেন্ট উপকূলে। বইটির গল্প আবর্তিত হয়েছে ফিলিপ টেনেন্ট এবং তার বৃদ্ধ ফুফু মার্নিকে ঘিরে, যারা রহস্যময় ‘আই-ঘেটি’ নামক এক অজ্ঞাত ও বিশাল শক্তির হুমকির মুখে নিজেদের টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যান।

বিচারকমণ্ডলীর প্রধান ও ইতিহাসবিদ মেরি বিয়ার্ড জানিয়েছেন, দীর্ঘ আলোচনার পর তারা সর্বসম্মতভাবে হ্যারিসনকে বিজয়ী ঘোষণা করেছেন। তিনি মন্তব্য করেন, এটি এমন এক বই যা পাঠককে মানসিকভাবে নাড়া দেবে এবং অদ্ভুতভাবে এক ফালি আশাবাদ জাগিয়ে তুলবে। এছাড়া ভবিষ্যতের লেন্স দিয়ে বর্তমানের রাজনীতিকে দেখার এক অনন্য শৈল্পিক প্রয়াস এই উপন্যাস।

১৯৪৫ সালে জন্ম নেওয়া এম জন হ্যারিসন দীর্ঘ ছয় দশক ধরে লেখালেখির সঙ্গে জড়িত। এর আগেও তিনি ‘ক্লাইম্বার্স’, ‘নোভা সুইং’ ও ‘দ্য সানকেন ল্যান্ড বিগিনস টু রাইস এগেইন’-এর মতো কাজের জন্য প্রশংসিত হয়েছেন। তার এই বিজয় এমন একজন লেখকের জন্য মূলধারার স্বীকৃতি, যিনি দীর্ঘদিন সাহিত্যজগতের প্রান্তে অবস্থান করেও সহকর্মীদের কাছে সম্মানিত ছিলেন। গত মাসে বিবিসি রেডিও ৪-এর এক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, তিনি গত ৪০ থেকে ৫০ বছর ধরে উপন্যাসিক ও সমালোচক হিসেবে নিজের কাজের মাধ্যমে সাহিত্যিক বৈষম্য দূর করতে চেষ্টা করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছিলেন, সায়েন্স ফিকশনের একটি মানসম্পন্ন লেখা কেন মূলধারার সাহিত্যিক কথাসাহিত্য হিসেবে গণ্য হবে না?

উল্লেখ্য, এবারের বুকার পুরস্কারের শর্টলিস্টে মারলন জেমস, ডগলাস স্টুয়ার্ট, এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড এবং রেবেকা পেরির মতো লেখকরা ছিলেন, যাদের প্রত্যেকে ২ হাজার ৫০০ পাউন্ড প্রাইজমানি পেয়েছেন। এছাড়া হ্যারিসনের এই জয়ের মাধ্যমে স্বাধীন প্রকাশনা সংস্থা ‘সারপেন্টস টেইল’ প্রথমবারের মতো বুকার পুরস্কার জয়ের স্বাদ পেল।