ঢাবিতে ককটেল বিস্ফোরণ: দুই কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

Published: November 11, 2026, 1:56 pm

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা তৈরির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা মেলায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। নিপু ইসলাম তন্বী শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া ২০১৯ সালের ডাকসু নির্বাচনে শামসুন নাহার হল থেকে ছাত্রলীগের প্যানেলের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তিনি আলোচনায় আসেন।

অন্যদিকে, মোহাম্মদ আমানুল্লাহ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ছিলেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন তিনি। উল্লেখ্য, গত ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের নাশকতার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে রয়েছে। নিয়ম অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।