নারায়ণগঞ্জে বিরিয়ানি দোকান ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি দিলেন মৎস্যজীবী নেতা

Published: November 11, 2026, 9:56 am

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিরিয়ানির দোকানের ম্যানেজারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। অভিযুক্ত এইচ এম হোসেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি। মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ম্যানেজারের নাম খোকন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত হয় এক নারীকে কেন্দ্র করে। দোকানের এক কর্মচারী জানান, ওই নারী চারটি বিরিয়ানির প্যাকেটের টাকা না দিয়েই টাকা পরিশোধ করেছেন বলে দাবি করেন। বিল না পাওয়ায় ম্যানেজার খোকন তাকে বিরিয়ানি দিতে অস্বীকৃতি জানান, যা থেকে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে ওই নারী মৎস্যজীবী দলনেতা হোসেনসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে দোকানে ফিরে আসেন। দোকানে প্রবেশের পরপরই হোসেন উত্তেজিত হয়ে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’—এমনই আক্রমণাত্মক হুমকি দেন তিনি।

ঘটনার সময় উপস্থিত শত শত মানুষের সামনেই এই হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিওচিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। সাধারণ নেটিজেনরা অভিযুক্ত এইচ এম হোসেনকে অবিলম্বে গ্রেপ্তার এবং তার কাছে যদি কোনো অবৈধ অস্ত্র থাকে তা উদ্ধার করার দাবি তুলেছেন। তারা এ ধরনের অমানবিক ও বেআইনি আচরণের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জনসমাগমপূর্ণ এলাকায় প্রকাশ্যে হত্যার হুমকির মতো এমন ঘটনায় স্থানীয়দের মাঝে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে এইচ এম হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের দাবি আরও জোরালো হচ্ছে।