চুরির ঘটনায় আটক অটো শ্রমিক দল নেতা বহিষ্কৃত

Published: November 11, 2026, 5:56 am

পিরোজপুরের মঠবাড়িয়ায় চুরির ঘটনায় হাতেনাতে আটক হওয়ার পর ঝালকাঠি জেলা অটো শ্রমিক দলের সভাপতি মো. আলম ফকিরসহ দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার মিরুখালী এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এলাকাটিতে রাজনৈতিক অস্থিরতা ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা পাহারার দায়িত্বে ছিলেন। মিরুখালী এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ডের সময় আলম ফকিরসহ ওই দুজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, চুরির দায়ে আটকের খবর জানাজানি হওয়ার পর আলম ফকিরের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জেলা শ্রমিক দল। বুধবার (১১ নভেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলম ফকিরের বিরুদ্ধে অতীতেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এ বিষয়ে তাকে কয়েকবার মৌখিকভাবে সতর্ক করলেও তার আচরণে কোনো উন্নতি হয়নি। এছাড়া ঝালকাঠি থানা পুলিশের তথ্য অনুযায়ী, আলম ফকির এর আগেও বিভিন্ন সময়ে চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এবং কারাভোগ করেছেন।