হুমায়ুন কবীর |: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে

Published: November 11, 2026, 4:26 am

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ার পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে মঙ্গলবার তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতেই তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তার এই বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এরদোয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিজের বন্ধু ও ভাই হিসেবে সম্বোধন করে সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টিও বৈঠকে উঠে আসে।

বিশেষ করে বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলা এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে উভয় পক্ষ আগ্রহ দেখিয়েছে। যদিও বিষয়টি বর্তমানে প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে, তবুও এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গভীর সমুদ্রে খনিজ অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী বাংলাদেশ। প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট সমাধানেও দুই নেতা আলোচনা করেছেন। আন্তর্জাতিক বিচার আদালতে চলমান শুনানির প্রেক্ষাপটে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দুই দেশ একত্রে কাজ করতে সম্মত হয়েছে। বিশেষ করে চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে শুনানির পর কীভাবে যৌথ উদ্যোগ আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ইস্তাম্বুলে যাত্রাবিরতিকালে তুরস্কের প্রেসিডেন্টের বিশেষ আতিথেয়তা লাভ করেন এবং তাকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয়। পরে আন্তালিয়ায় পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রতিমন্ত্রী জানান, কপ-৩১ সম্মেলনে উপস্থিত অল্প কয়েকজন বিশ্বনেতার সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ পাওয়া বাংলাদেশের প্রতি তুরস্কের বিশেষ গুরুত্বের প্রতিফলন।

জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশ বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নেতৃত্ব দিতে বদ্ধপরিকর জানিয়ে হুমায়ুন কবীর বলেন, অভিযোজন, অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে জোরালো ভূমিকা রাখছে। বুধবার প্রধানমন্ত্রীর বেশ কিছু কর্মসূচি রয়েছে, যার মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি জানান, কপ-৩১ সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক সংলাপ ও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেবেন এবং জলবায়ু অভিযোজন, অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

উল্লেখ্য যে, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট ও তার সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। গণতান্ত্রিক উত্তরণের পর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন সম্ভাবনা ও ভাবমূর্তি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের আগ্রহ বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু।