সংযুক্ত আরব আমিরাতে জামিন পেলেও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া থেমে থাকেনি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাকে ফেরত আনতে সরকার আইনগত, কূটনৈতিক এবং আন্তর্জাতিক পুলিশি সহযোগিতা বজায় রেখে সব ধরনের পদক্ষেপ চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সংসদকে এ বিষয়ে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি জানান, বেনজীর আহমেদের অবস্থান ও গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে এবং আমিরাতে আইনগত লড়াই চালাতে স্থানীয় আইনজীবীও নিয়োগ করা হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আদালতের পরোয়ানা জারির পর তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়। ফলে ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। পরবর্তীতে ২০২৬ সালের ১২ জুন আবুধাবির এনসিবি আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানায় যে বেনজীর আহমদ আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। সে দেশের ফেডারেল আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর তাগিদ দেওয়া হয়।
বাংলাদেশ নির্ধারিত সময়সীমার জন্য অপেক্ষা না করে মাত্র চার দিনের মাথায়, অর্থাৎ ২০২৬ সালের ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটির কাছে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ অনুরোধ জমা দেয়। একইসঙ্গে সমন্বয়ের সুবিধার জন্য আবেদনের একপ্রস্থ অনুলিপি আবুধাবির এনসিবিতেও পাঠানো হয়। দেশটির চাহিদানুযায়ী পরবর্তীতে অতিরিক্ত নথিপত্রও সরবরাহ করেছে বাংলাদেশ।
জামিন পাওয়ার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, প্রত্যর্পণ একটি দীর্ঘ বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। শুধু গ্রেপ্তার বা রেড নোটিশের মাধ্যমে এটা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় না; আবেদনকারী দেশের তথ্যপ্রমাণ ও আইনগত শর্ত সংশ্লিষ্ট দেশের আদালত যাচাই-বাছাই করে। তাই অভিযুক্তের জামিন হওয়া মানেই বাংলাদেশের অনুরোধ খারিজ হয়ে যাওয়া নয়, আর দীর্ঘ বিচারিক প্রক্রিয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই।
এ ছাড়া বেনজীর আহমদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পত্তির অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে বলেও সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে তথ্যপ্রমাণ ও রেকর্ড পাওয়ার পর আদালতের আদেশের মাধ্যমে সেই সম্পদ অবরুদ্ধ, জব্দ কিংবা পুনরুদ্ধারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে একটি প্রস্তাব গৃহীত হয়েছিল। দুবাইয়ে বেনজীর আহমদ কীভাবে জামিন পেলেন এবং তাকে ফিরিয়ে আনতে সরকার কী ধরনের পদাক্ক্ষেপ নিচ্ছে, তা সংসদকে জানাতে দাবি জানানো হয়। সেই প্রস্তাবের উত্তর দিতেই এই তথ্যসমূহ উপস্থাপন করা হয়।





