মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব পর্যালোচনায় বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশে আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কেলি ই. কারি। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে তার এই সফর। তিনি জানান, মিয়ানমার সফরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি চাইলেও জান্তা সরকার তা প্রত্যাখ্যান করেছে।
নিজের সফরকালে তিনি বাংলাদেশে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রোহিঙ্গা ক্যাম্পের ভুক্তভোগী ও বেঁচে যাওয়াদের সঙ্গে মতবিনিময় করবেন। বিশেষ করে রাখাইন রাজ্যের সংকটময় পরিস্থিতি, দেশটির অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা তার পর্যবেক্ষণের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে।
সফরসূচি অনুযায়ী, কারি ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। আগামী ১৮ নভেম্বর সফর শেষে তিনি একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এই সফরের অর্জিত তথ্যের ভিত্তিতে ২০২৭ সালের মার্চ মাসে জাতিসংঘ মানবাধিকার পরিষদে নিজের পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন তিনি।





