কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ ‘শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা’র ‘সেরাদের সেরা’ বা বেস্ট অব দ্য বেস্ট-এর তৃতীয় আসর। বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারী মেধাবী হাফেজদের অংশগ্রহণে এই মেগা প্রতিযোগিতা এখন চলমান।
এবারের আসরে মোট ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। গত সোমবার থেকে শুরু হওয়া এই প্রথম পর্ব চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার প্রথম দিনে সকাল ও বিকেলের সেশনে আটটি দেশের নয়জন প্রতিযোগী তাদের হিফজ ও তেলাওয়াতের পারফরম্যান্স উপস্থাপন করেন। এবারের আসরে বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন মুআজ মাহমুদ। মারসাল কাতার ও আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা ইকনা’র প্রতিবেদন অনুযায়ী, এবারের আসরে মোট ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
আগামী ১৫ নভেম্বর প্রথম পর্ব থেকে বাছাইকৃত সেরা ১০ জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে। এরপর ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এবারের প্রতিযোগিতায় বিজয়ী ‘সেরাদের সেরা’ উপাধিধারী হাফেজকে প্রধান পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে।
অংশগ্রহণকারী হাফেজরা জানান, কুরআন হিফজ তাদের আত্মবিশ্বাস, মানসিক সক্ষমতা ও আচরণগত দক্ষতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নিয়মিত তেলাওয়াত ও পুনরাবৃত্তি স্মৃতিশক্তি প্রখর করার পাশাপাশি তাদের সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধেও পরিপক্ব করেছে। তারা জানান, পবিত্র কুরআন তাদের কেবল ভাষার দক্ষতাই বাড়ায়নি, বরং নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে। এই সফলতার পেছনে বাবা-মা ও শিক্ষকদের নিরলস উৎসাহ ও সুনির্দিষ্ট রুটিন কাজ করেছে বলে জানান প্রতিযোগীরা।





