ব্যবসায়িক সংকট, কারখানা বন্ধ এবং ব্যাংকঋণ নিয়ে ঢালিউড তারকা অনন্ত জলিলকে ঘিরে তৈরি হওয়া নানা আলোচনার মধ্যে তার পাশে দাঁড়িয়েছেন স্ত্রী ও অভিনেত্রী বর্ষা। শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে চলমান বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে বর্ষা লিখেছেন, জীবনের প্রতিটি সময় সমান যায় না। কখনো সময় ভালো কাটে, আবার কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটিই জীবনের চিরন্তন সত্য। তিনি বিশ্বাস করেন, আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন এবং সেই বিশ্বাসের ওপর ভরসা রেখেই তারা এগিয়ে যেতে চান।
ফেসবুক পোস্টে বর্ষা আরও বলেন, আমাদের জন্য আপনাদের দেওয়া দোয়া, ভালোবাসা ও আন্তরিকতা আমাকে ও অনন্তকে সাহস ও অনুপ্রেরণা জোগায়। ভক্তদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, আমার স্বামী, সন্তান এবং পুরো পরিবারের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। সৃষ্টিকর্তা যেন আমাদের সব বিপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পথ সহজ করে দেন এবং আমাদের মনের নেক আশাগুলো পূরণ করেন।
পোস্টের শেষ দিকে বর্ষা দেশবাসীর সুস্থতা কামনা করে লেখেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং সবার রিজিকে বরকত দান করেন। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, সেই প্রার্থনাও করেছেন তিনি। সবশেষে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আবারও ভালোবাসা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে ভালো থাকার অনুরোধ জানিয়েছেন এই চিত্রনায়িকা।





