শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ‘শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা-২০২৬’। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় সমিতির নিজস্ব কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল এপিকালচার ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল নতুন শিক্ষার্থীদের সাংবাদিকতার মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার সাথে পরিচিত করা।
কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ের ওপর দুটি আলাদা প্রশিক্ষণ সেশন পরিচালিত হয়। প্রথম সেশনে ‘বেসিক অব জার্নালিজম’ বা সাংবাদিকতার প্রাথমিক বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ দেন শেকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক সকালের খবরের সাংবাদিক মীর তাওহিদুল ইসলাম। দ্বিতীয় সেশনে ‘ভিডিও জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন এশিয়া পোস্টের নিউজরুম এডিটর মো. জাহিদুল ইসলাম।
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা সংবাদ সংগ্রহ ও লিখন কৌশলের পাশাপাশি ভিডিও সাংবাদিকতার বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা পেশাদার সাংবাদিকতার দায়িত্ববোধ সম্পর্কে অবগত হয়েছেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
শেকৃবিসাসের সভাপতি তাহিরুল হাসান ফাহিম বলেন, শিক্ষানবিশদের দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। কর্মশালাটি শিক্ষার্থীদের সাংবাদিকতার তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক আত্মবিশ্বাস ও পেশাদারিত্ব বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন। দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় উৎসাহিত করতেই এমন উদ্যোগ নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।





