চুয়েটে শাটডাউন প্রত্যাহার: পুরোদমে শুরু হয়েছে ক্লাস ও পরীক্ষা

Published: November 3, 2026, 12:26 pm

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের আন্দোলন ও ক্লাস বর্জন কর্মসূচি শেষ হওয়ায় মঙ্গলবার থেকে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে ফেরার পাশাপাশি স্থগিত থাকা পরীক্ষাগুলো দ্রুত পুনর্বিন্যাসের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে উপাচার্যের অনুপস্থিতিতে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে চুয়েটে একদিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন পালন করেন শিক্ষার্থীরা। গত ১ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ইউজিসির এক সভায় অংশ নিতে ঢাকায় গেলে অধ্যাপক দেলোয়ারকে এই দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিবাদে রোববার রাতে বিক্ষোভ ও শাটডাউনের ঘোষণা দেন শিক্ষার্থীরা, যার ফলে সোমবার চুয়েটের সব ক্লাস, পরীক্ষা ও রুটিন প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।

শাটডাউন কর্মসূচি শেষে শিক্ষার্থী প্রতিনিধি মিনহাজ উদ্দিন জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৩ নভেম্বর থেকে তারা নিজ নিজ ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের আন্দোলন ও অচলাবস্থায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মইনুল ইসলাম জানান, সম্প্রতি বিভিন্ন বিভাগের প্রায় ৪০টি পরীক্ষা স্থগিত হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় এসব স্থগিত পরীক্ষা দ্রুত পুনর্বিন্যাস করে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের প্রতিবাদ জানিয়ে ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণাঙ্গ শাটডাউন ও অসহযোগ কর্মসূচি পালন করে আসছিলেন।