মুক্তি পেল রহস্য-রোমান্সে ঘেরা পারিবারিক মনোরঞ্জন-এর ট্রেলার

Published: November 4, 2026, 4:26 pm

বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ও অদিতি রাও হায়দারি প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন নতুন সিনেমা ‘পারিবারিক মনোরঞ্জন’-এ। সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে বেশ কৌতূহল তৈরি হয়েছে। রহস্য, রোমান্স, পারিবারিক জটিলতা এবং কমেডির সংমিশ্রণে নির্মিত এই গল্পের মূল কেন্দ্রে রয়েছেন রঞ্জন দুবে। ট্রেলারে তাকে এলাকার এক আকর্ষণীয় অবিবাহিত পুরুষ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

গল্পের মোড় ঘুরে যায় যখন হেলেন নামের এক নারী সেখানে গৃহকর্মী ও সম্পত্তি ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। হেলেনের উপস্থিতিকে কেন্দ্র করে প্রতিবেশী ও পরিচিতদের মধ্যে নানা সন্দেহ ও আলোচনার জন্ম হয়। ট্রেলারে হেলেনের দ্বৈত জীবনযাপনের ইঙ্গিত পাওয়া গেছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন পুলিশ ‘মনু যোশি’ নামের একজনকে খুঁজতে রঞ্জনের বাড়িতে হানা দেয়। এ ঘটনার পর রঞ্জনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা হেলেনকে সন্দেহের চোখে দেখতে শুরু করেন। অন্যদিকে, সব মিলিয়ে বিরক্ত রঞ্জনকে ট্রেলারে বলতে শোনা যায়, ‘অনেক হয়েছে ভালো ছেলে হয়ে থাকা, এবার আলফা হওয়ার সময়।’

সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত প্রধান দুই শিল্পী। অদিতি রাও হায়দারি জানান, চিত্রনাট্য পড়ার সময় পুরোটা সময় তার মুখে হাসি ছিল। পরিস্থিতিভিত্তিক হাস্যরস, গল্পের অপ্রত্যাশিত মোড় এবং এর ভেতরের উষ্ণতা তাকে আকৃষ্ট করেছে। পঙ্কজ ত্রিপাঠির মতো দক্ষ অভিনেতার সঙ্গে কাজ করাকে তিনি বিশেষ অভিজ্ঞতা বলে মনে করছেন। অন্যদিকে, চিত্রনাট্যের সরলতা ও মজার উপস্থাপন পঙ্কজ ত্রিপাঠিকে মুগ্ধ করেছে। অদিতি রাও হায়দারির কাজের প্রশংসা করে তিনি বলেন, এটি তাদের একসঙ্গে প্রথম কাজ হলেও তার অভিনয়ের ভক্ত তিনি অনেক আগে থেকেই।

বরুণ ভি শর্মা পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন বিনোদ ভানুশালি, কমলেশ ভানুশালি, হিমাংশু কিশান মেহতা ও আলিসিয়া জাফর। ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করেছেন আলী আব্বাস জাফর। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ব্রিজেন্দ্র কালা, মুকেশ তিওয়ারি, সুনীতা রাজওয়ার, বিজয়ন্ত কোহলি, করণ চানানা ও একলব্য চৌধুরী। আগামী ১৩ নভেম্বর সনি লিভ ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে রহস্য ও সম্পর্কের টানাপোড়েনে ঘেরা এই সিনেমাটি।