ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়মিত চাপ প্রয়োগ করছেন। ব্রিটেনের দৈনিক দ্য ফিন্যান্সিয়াল টাইমস-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু প্রতিদিন ট্রাম্পকে ফোন করে যুদ্ধ শুরুর প্রয়োজনীয়তা তুলে ধরছেন। এই পরিস্থিতি মোকাবিলায় হোয়াইট হাউসের ভেতর ও বাইরের সংশ্লিষ্টরা যুদ্ধ এড়ানোর প্রচেষ্টায় সক্রিয় রয়েছেন।
সূত্র বলছে, আঞ্চলিক নেতারা নেতানিয়াহুকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনার পথ প্রশস্ত করার পরামর্শ দিচ্ছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানির সঙ্গে আলোচনার পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে নতুন কোনো হামলা হওয়ার সম্ভাবনা খুবই কম। বরং ট্রাম্প নতুন সামরিক অভিযানের চেয়ে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ কঠোর করার দিকেই বেশি আগ্রহী। তিনি জানিয়েছেন, সংঘাত অবসানের একটি ইতিবাচক গতিধারা পরিলক্ষিত হচ্ছে এবং মার্কিন স্বার্থ রক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের মতো দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তারা ইতিহাসের বৃহত্তম নৌ-অবরোধ এবং ‘অপারেশন আয়রন গেট’ অব্যাহত রাখার পক্ষপাতী। যদিও নেতানিয়াহু বারবার যুদ্ধের জন্য তদবির করছেন, তবে তার এই জেদ আরব ও মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথা হয়েছে। এদিকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং দেশটির সামরিক নেতৃত্ব হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র থেকে কোনো নতুন হামলা চালানো হলে তার কঠোর অপ্রতিসম জবাব দেওয়া হবে।





