বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আর্থিক অঙ্কে আলোড়ন তৈরি করেছে। সিনেমাটির বিভিন্ন স্বত্ব বিক্রি করে মুক্তির আগেই প্রায় ৬৬৫ কোটি রুপি আয় হয়েছে। তবে এই বিপুল ব্যবসার পরও ছবিটিকে লাভের মুখ দেখতে হলে বিশ্বব্যাপী অন্তত ৮০০ কোটি রুপি গ্রস বক্স অফিস কালেকশন প্রয়োজন হতে পারে। মুক্তির আগেই ৬৬৫ কোটি রুপির ব্যবসা সিনেমাটির জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। তবে শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা সাড়া ফেলতে পারে ‘কিং’, তা জানা যাবে মুক্তির পরই।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই আলোচিত ছবির প্রাক্-মুক্তি আয়ের বড় অংশ এসেছে স্বত্ব বিক্রির চুক্তি থেকে। বিদেশের বাজারে সিনেমাটির পরিবেশনা স্বত্ব ১৭৫ কোটি রুপিতে কিনেছে ফারস ফিল্মস। অন্যদিকে ভারতে ছবিটি পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনে নিয়েছে পেন মারুধর।
বিনোদন স্বত্বের মধ্যে নেটফ্লিক্স সিনেমাটির ডিজিটাল স্বত্ব কিনেছে ১৫০ কোটি রুপি ভিত্তিমূল্যে। অবশ্য এই চুক্তিতে প্রেক্ষাগৃহে সফলতার ওপর ভিত্তি করে চুক্তিভিত্তিক মূল্য পরিবর্তনের শর্ত যুক্ত রয়েছে। এ ছাড়া ছবির স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ২৫ কোটি রুপিতে এবং সংগীতস্বত্ব বিক্রি হয়েছে ৬৫ কোটি রুপিতে।
প্রথমদিকে ‘কিং’র নির্মাণ বাজেট প্রায় ৩০০ কোটি রুপি ধরা হলেও শুটিং ও প্রযোজনার নানা ধাপে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি রুপিতে। এই ব্যয়ের মধ্যে পরিচালক সিদ্ধার্থ আনন্দের পারিশ্রমিক অন্তর্ভুক্ত থাকলেও শাহরুখ খানের পারিশ্রমিক যুক্ত ছিল না। অভিনেতার পারিশ্রমিক ও প্রচারের আনুমানিক খরচ মেলালে সিনেমাটির মোট ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৫৫০ কোটি রুপি।
হিসাব অনুযায়ী, সিনেমাটি প্রযোজক ও পরিবেশকদের জন্য লাভজনক হতে ভারতের বাজার থেকে প্রায় ৫০০ কোটি রুপি এবং আন্তর্জাতিক বাজার থেকে ৩০০ কোটি রুপি গ্রস আয় করতে হবে। বিশ্বজুড়ে এই ৮০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করলেই এটি ব্যবসায়িক সাফল্য পাবে। ২০২৩ সালের হিট ছবি ‘পাঠান’র পর এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করছেন শাহরুখ ও সিদ্ধার্থ আনন্দ। এর আগে ২০২৩ সালে শাহরুখের সঙ্গে ‘পাঠান’ সিনেমায় কাজ করেছিলেন তিনি। ‘পাঠান’র সাফল্যের পর আবারও এই জুটি একসঙ্গে আসছে বড় পর্দায়। ফলে প্রযোজক ও পরিবেশকদের বিনিয়োগের হিসাব বিবেচনায় সিনেমাটিকে লাভজনক অবস্থানে নিতে বড় অঙ্কের বক্স অফিস সংগ্রহ প্রয়োজন হবে। এই অঙ্কে পৌঁছাতে পারলে সিনেমাটি ব্যবসায়িকভাবে লাভজনক হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
ছবিটিতে শাহরুখ খানের পাশাপাশি প্রথমবারের মতো অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, অর্জুন রামপাল ও রাঘব জুয়েল। ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে দীপিকা ও শাহরুখের উপস্থিতিতে প্রকাশিত ‘তু মিল যায়ে’ গান দিয়ে শুরু হয়েছে প্রাতিষ্ঠানিক প্রচারণা। আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে তিন বছরের বেশি সময় পর প্রেক্ষাগৃহে বড় পর্দায় ফিরছেন শাহরুখ। গান প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির প্রচার কার্যক্রমও শুরু হয়েছে। ফলে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায়ীদেরও নজর রয়েছে সিনেমাটির দিকে।





