হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব নিয়ে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে টানা দুই দিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হলে ইরান যেসব প্রস্তাব ও প্রশ্ন রেখেছে, তার সদুত্তর দিতে হবে যুক্তরাষ্ট্রকে। তবে বর্তমান পরিস্থিতিতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই তেহরানের।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, সংসদীয় জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সাথে আলাপকালে আরাঘচি জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য শুরুতে ওয়াশিংটনকে সাত দিন সময় দেওয়া হয়েছিল।
তবে সেই সময়সীমা কমিয়ে এখন দুই দিনে নামিয়ে আনা হয়েছে। তেহরান তাদের আগের শর্তগুলোতে অটল রয়েছে এবং এসবের বাস্তবায়নের ওপরই আলোচনার পরবর্তী অগ্রগতি নির্ভর করছে।
আল জাজিরাকে দেওয়া আলাদা এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের মাধ্যমে যোগাযোগ এখনো চলমান রয়েছে। ওয়াশিংটন যদি বাস্তবমুখী পদক্ষেপ নেয় এবং ইরানের দাবিগুলো মেনে নেয়, তবেই চুক্তিতে পৌঁছানো সম্ভব। সব মিলিয়ে, হরমুজ প্রণালী নিয়ে বড় ধরনের কোনো পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ইরান। তিনি বলেন, এ বিষয়ে পরামর্শ ও যোগাযোগ চলছে। এসব শর্তের বিষয়ে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে দেশটি।





