সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

Published: November 8, 2026, 9:26 am

অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (৭ নভেম্বর) রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি নগরের কুমারপাড়ার নিজ বাসায় যান। এরপর রবিবার (৮ নভেম্বর) সকালে আকাশপথে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন তিনি। মন্ত্রীর সহকারী সোহেল আহমদ জানিয়েছেন, বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। রবিবার সকাল সাড়ে ১১টার ফ্লাইটে তিনি ঢাকার পথে রওনা দেন।

এর আগে শুক্রবার সিলেটে সফরের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। সকালে নির্বাচনি এলাকা কোম্পানীগঞ্জে যাওয়ার পর বুকে ব্যথা ও ঝিমঝিম অনুভূতির সৃষ্টি হলে তাকে দ্রুত নগরের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. শিশির বসাক ও ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা নেন মন্ত্রী। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিলে তিনি কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার পূর্বনির্ধারিত সফরসূচি বাতিল করতে বাধ্য হন।