ইরানে অস্ত্র ঠেকাতে নতুন সামরিক বাহিনী গঠন যুক্তরাষ্ট্রের

Published: November 11, 2026, 11:56 am

ইরানে অবৈধ পণ্য, প্রযুক্তি ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে স্থলপথে নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ লক্ষ্য বাস্তবায়নে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন। গত রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, এই বাহিনী ইতিমধ্যেই পূর্ণমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে এবং এটি ইরানের সীমান্ত দিয়ে পণ্য চলাচল কঠিন করে তুলবে। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নতুন এই বাহিনী পুরোপুরি সক্রিয় রয়েছে। আট মাস ধরে চলা যুদ্ধের মধ্যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ জোরদারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, নতুন এই বাহিনী ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জাম মজুত করার সক্ষমতা সীমিত করতে কাজ করবে। ফ্লোরিডাভিত্তিক এই বিশেষ ইউনিটে সামরিক ও বেসামরিক সদস্যরা রয়েছেন, যারা ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি ও অবৈধ অর্থের প্রবাহ ঠেকাতে কাজ করবেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে থেকেই কার্যকর থাকা কঠোর নৌ অবরোধের কারণে ইতিমধ্যে ইরানের প্রায় ২৫ বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল রফতানি আটকে গেছে। নতুন এই স্থলসীমান্ত অবরোধের মাধ্যমে ওয়াশিংটন দেশটির ওপর অর্থনৈতিক চাপ আরও বহুগুণ বাড়িয়ে দিতে চায়।

তবে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে ব্যর্থ ও অকার্যকর বলে অভিহিত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসি মুখপাত্র হোসেইন মোহেবি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সকে বলেছেন, বিভিন্ন নামে ও পরিকল্পনায় যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক অবরোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তা কখনোই সফল হবে না। তিনি আরও দাবি করেন যে, ওয়াশিংটন চরম অর্থনৈতিক চাপ তৈরি করে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়ার বা দেশটিকে ভেঙে ফেলার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা অর্জনে তারা সক্ষম হবে না। পাশাপাশি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক পথ বন্ধ করার মতো শক্তি যুক্তরাষ্ট্রের নেই বলেও মন্তব্য করেছেন তিনি।