ময়মনসিংহে সহকর্মীর ছুরিকাঘাতে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Published: November 12, 2026, 2:26 pm

ময়মনসিংহ নগরীর চর কালিবাড়ি এলাকায় এক কিশোরের ছুরিকাঘাতে রানা (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মোখলেস ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

নিহত রানার বাড়ি ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে। সে মুস্তাফিজুর রহমানের ছেলে। রানা নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালিবাড়ি এলাকায় একটি বোতল তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল। অভিযুক্ত কিশোর মোখলেসও একই কারখানায় কাজ করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মাগরিবের নামাজের ঠিক আগে কারখানার বেশির ভাগ শ্রমিক ছুটি পান। কারখানার মালিক ও অন্যান্য শ্রমিক নামাজে গেলে ভেতরে রানা ও মোখলেস অবস্থান করছিল। এক পর্যায়ে রানার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে এবং এ হত্যাকাণ্ডের আসল কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।