ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলার আসমোলি এলাকার কুতুবপুর সাত্তা গ্রামে একটি মসজিদ উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের চালানো এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কর্তৃপক্ষের দাবি, ওয়াক্ফ বোর্ডের অনুমতি ছাড়াই জনবসতিপূর্ণ এলাকার প্রায় ১৫০ বর্গমিটার জমিতে মসজিদটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। পুলিশের দাবি, মসজিদটি অনুমোদনহীনভাবে নির্মিত হয়েছিল। অভিযানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
তহসিলদার ধীরেন্দ্র কুমার সিং জানান, অনুমোদনহীন এই স্থাপনাটি অপসারণের জন্যই মূলত অভিযান পরিচালনা করা হয়েছে। আসমোলি সার্কেল কর্মকর্তা আমান সিং জানান, প্রায় এক মাস আগে স্থানীয় বাসিন্দারা সরকারি জমিতে অবৈধভাবে মসজিদ নির্মাণের অভিযোগ জানিয়েছিলেন। এরপর রাজস্ব ও পুলিশ বিভাগের একটি যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করে অনুমোদনহীন নির্মাণের সত্যতা পায়। তদন্ত শেষে সম্ভলের মহকুমা শাসক (এসডিএম) স্থাপনাটি অবৈধ ঘোষণা করে উচ্ছেদের নির্দেশ দেন। পরে সংশ্লিষ্ট দপ্তরের একটি যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজের অনুমোদন না থাকার বিষয়টি নিশ্চিত করে।
অভিযান চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে চারজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও), ১০টি থানার পুলিশ এবং প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারির (পিএসি) একটি প্লাটুন মোতায়েন করা হয়। নিরাপত্তার খাতিরে এলাকার আশপাশের ভবনের ছাদেও পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।
পুরো এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান চলাকালে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। অনুমোদনের তোয়াক্কা না করে সরকারি জমিতে স্থাপনা নির্মাণের ফলেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।





