পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচনের ঘোষণা ইসির

Published: November 16, 2026, 9:26 am

দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার কমিশন সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণের লক্ষ্যে কমিশন এই বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। পঞ্চম ধাপের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবেই ইউনিয়নের সংখ্যা কিছুটা কম রাখা হয়েছে। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপের ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এর সাথে প্লাস-মাইনাস ৫০ দিনের মধ্যে ধাপে ধাপে অন্যান্য নির্বাচন সম্পন্ন হবে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন। তবে কোন ইউনিয়নে ঠিক কবে ভোট হবে, সেই বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। প্রথম ধাপের নির্বাচন আয়োজনের সময়সূচি প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, ‘ধরে নেন যদি প্রথম ধাপের নির্বাচন তো আমরা বলে দিয়েছি, ২১ জানুয়ারি, তার থেকে প্লাস-মাইনাস ৫০ দিন—এটা জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।’।

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করারও উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই এই সংলাপ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে ইসির। এ মাসের শেষ দিকে কিংবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। আগামী ১০ ডিসেম্বরের আগেই তা অনুষ্ঠিত হবে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট করেন, নির্বাচনে সেনা মোতায়েনের কোনো দাবি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসেনি। তবে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও তাদের কার্যকারিতা নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে দেখবে। সংশ্লিষ্ট বাহিনীগুলো এলাকায় সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না এবং নির্বাচনী পরিবেশ বজায় থাকছে কি না, তা বিবেচনায় নিয়েই কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে।