প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং জাতীয় চেতনার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাতারের বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আহমদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাদ বিন তাফসির কোরআন থেকে তিলাওয়াত করেন। এরপর অধ্যক্ষ জাতীয় সংগীতের তালে পতাকা উত্তোলন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। এই পর্বেই শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় স্কুল মিলনায়তনে আয়োজিত দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমদ। এতে মুখ্য আলোচক ছিলেন নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, এ কে এম আমিনুল হক, মো. মাহমুদুল হাসান, অভিভাবক-শিক্ষক সংগঠনের প্রতিনিধি প্রকৌশলী মো. শফিকুল ইসলাম মোরাদ এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ আবু সাঈদসহ শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং সিপাহী-জনতার সম্মিলিত অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ওইদিনের বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক অবিস্মরণীয় অধ্যায়। মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করার মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা হয়েছিল, যা পরবর্তীকালে বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়নমুখী রাজনীতির পথ প্রশস্ত করে। জাতীয় ঐক্য ও দেশপ্রেমের মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই দিবসের গুরুত্ব অপরিসীম বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কর্তৃক নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শেষভাগে ছিল সাংস্কৃতিক আয়োজন, যেখানে শিক্ষার্থীদের দলীয় সংগীত, নৃত্য ও গান মিলনায়তনকে প্রাণবন্ত করে তোলে। সহকারী অধ্যাপক মো. জুলফিকার আজাদ দিবসটি নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন। বিজিএস শিক্ষক মো. তাফসির উদ্দিনের চমৎকার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য ছিল এক জ্ঞানগর্ভ ও স্মরণীয় অভিজ্ঞতা।





